কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে।
মঙ্গলবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি এলাকা থেকে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমানকে পিছু হটানোর দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে। এ কারণে দেশটি নিজেদের আকাশসীমার নিরাপত্তা জোরদার ও বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি করেছে। এরই মধ্যে বুধবার ভারত পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘পাকিস্তান কোনো উসকানিমূলক পদক্ষেপ নেবে না। তবে উসকানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে।’ মঙ্গলবার তিনি পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেও একই কথা বলেছিলেন।
সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান উপস্থিত ছিলেন। তাঁরা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন।
২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। নয়াদিল্লি অভিযোগ করেছে, এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে এবং সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে দুজন পাকিস্তানি। তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। বুধবারের সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘অভিযোগ করা হচ্ছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। কিন্তু ঘটনাস্থলটি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের গভীরে অবস্থিত।’ তিনি আরও বলেন, হামলার স্থান থেকে পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরের নিকটতম বাঘ শহরও অনেক দূরে। এর মানে ভারতের অভিযোগ ভিত্তিহীন।
একই সুরে ইসহাক দার বলেন, পেহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে ভারতের সৃষ্ট ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও অত্যন্ত উসকানিমূলক পরিবেশ’ পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।
নিয়ন্ত্রণরেখায় ভারতের যুদ্ধবিমান
নিরাপত্তা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম পিটিভি নিউজ ও রেডিও পাকিস্তান জানিয়েছে, নিয়ন্ত্রণরেখার কাছাকাছি এলাকায় ভারতের চারটি রাফাল যুদ্ধবিমান টহল দিচ্ছিল। পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) পাল্টা পদক্ষেপের কারণে ভারতীয় যুদ্ধবিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। এ ঘটনা ঘটে ২৯ ও ৩০ এপ্রিলের মধ্যবর্তী রাতে।
পাকিস্তানের নিরাপত্তা সূত্র দাবি করেছে, ভারতের যুদ্ধবিমানগুলো জম্মু ও কাশ্মীরে তাদের নিয়ন্ত্রিত আকাশসীমায় টহল দিচ্ছিল। পিএএফ তা শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেয়। তবে পাকিস্তান সরকার ও সেনাবাহিনী বুধবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, বলে সংবাদমাধ্যম ডন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাফাল ফ্রান্সের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান। ভারতের কাছে বর্তমানে ৩৬টি রাফাল যুদ্ধবিমান রয়েছে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ জানিয়েছে, ভারতের সম্ভাব্য হামলা মোকাবিলায় পাকিস্তান তাদের আকাশসীমায় দেশি-বিদেশি সব ফ্লাইটের উপর নজরদারি বাড়িয়েছে। নিরাপত্তার কারণে পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের গিলগিট ও স্কার্দু শহরের মধ্যে সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের প্রধান বিমানবন্দরগুলোর এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
‘২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হামলার পরিকল্পনা’
মঙ্গলবার রাতে পিটিভিতে সম্প্রচারিত এক বিবৃতিতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে বলে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য তাঁদের কাছে রয়েছে। তিনি বলেন, পেহেলগামের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভারত এই হামলা চালাতে পারে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
মঙ্গলবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেহেলগাম হামলার জবাবে সশস্ত্র বাহিনীকে ‘অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন। বুধবার তিনি মন্ত্রিসভার নিরাপত্তা, অর্থনৈতিক ও রাজনৈতিক কমিটির সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে (এনএসএবি) বড় পরিবর্তন আনা হয়েছে। গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক যোশিকে এনএসএবির শীর্ষে নিয়োগ দেওয়া হয়েছে।
সংযত থাকার আহ্বান
পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে ভিসা বাতিল, সিন্ধু পানিচুক্তি বাতিলসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে নিয়মিত গোলাগুলি চলছে। মঙ্গলবার রাতেও পাকিস্তানি সেনারা গুলি চালিয়েছে বলে ভারতের দাবি। এ নিয়ে টানা ছয় দিন ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে।
পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে বিশ্বনেতারা একাধিকবার সতর্কতা জারি করেছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রও ভারত ও পাকি
স্তানকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে।

